মস্তিষ্কের রক্তক্ষরণে অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, ‘সাইমন আজ সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। লাশ সাইমনের চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।’
গত শনিবার রাতে ছাত্রাবাসে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান সাইমন। তখন সহপাঠীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।









