রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে আলোচনার মাধ্যমে তাদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। শনিবার আন্দোলরতদের সঙ্গে আলোচনার পর শিগগিরই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন রামেক পরিচালক এএসএম রফিকুল ইসলাম।
রামেক পরিচালক জানান, শুক্রবার ভুল চিকিৎসায় কোনও রোগীর মৃত্যু হয়নি। যথাযথ প্রক্রিয়ায়ই চিকিৎসা হয়েছে। এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকদের দাবি নিয়েও আলোচনা চলছে।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ, ইন্টার্ন চিকিৎসক ও মৃত রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। পরে পুলিশের সঙ্গেও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাঁচ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্নরা।
আরও পড়তে পারেন:
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে এবং তাকে প্রত্যাহার করতে হবে। হাসপাতালে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। ইন্টার্নদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা ও যে রোগীর মৃত্যু নিয়ে এ ঘটনা তাদের স্বজনদের ক্ষমা চাইতে হবে।
/বিটি/এফএস/টিএন/








