জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দিন-রাত কাজ করছে সরকার। আমরা ক্ষমতা উপভোগ করতে কিংবা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি; এসেছি এ দেশের সাধারণ মানুষের ভাগ্য বদল করতে এবং তাদের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুর্নীতি রোধ ও সুশাসনের বিষয়ে মো. আব্দুল বারী বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তার প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা। রাষ্ট্রীয় অপচয় বন্ধে তিনি নিজে মাত্র ১৯ জন সফরসঙ্গী নিয়ে বিদেশে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইসিটি মন্ত্রণালয়সহ অন্য দফতরের মাধ্যমে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা হচ্ছে।’
কর্মকর্তাদের উদ্দেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সততা ও দক্ষতার ভিত্তিতেই বর্তমানে সরকারি কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সরকারি দফতরে কাজের ধীরগতি দূর করে গতি বাড়াতে হবে। ৫১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত সরকারের জনকল্যাণমুখী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তারা আইন ও বিধিগতভাবে বাধ্য, এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আসার সুযোগ নেই।’
দেশের অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি সত্ত্বেও সঠিক নীতি গ্রহণের ফলে আশপাশের দেশের মুদ্রার অবমূল্যায়ন হলেও আমাদের মুদ্রার মান স্থিতিশীল রয়েছে। অতিরিক্ত নোট না ছাপিয়ে সম্পদ তৈরির চেষ্টা চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই ধরনের ব্যাগ, পোশাক ও মধ্যাহ্নভোজের (লাঞ্চ) ব্যবস্থা করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয় পরিচালনাকারীদের সহযোগিতার প্রক্রিয়া শুরু হয়েছে।’
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভায় বগুড়া জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









