ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দলসমর্থিত প্রার্থীর কথাও বলিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে যদি সালাম সাহেব এবং টিপু সাহেব মেয়র এবং কাউন্সিলর প্রার্থী হয়, আপনারা দয়া করে তাদের সমর্থন করবেন।’
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের একটি নিবাসে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে কান্দুলী ও তেলুগু সম্প্রদায়ের ৬৪০টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের পুরো অংশ প্রচার করা হয়নি।’
মীর শাহে আলম বলেন, ‘নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ নেই। এক্ষেত্রে দল প্রার্থীকে সমর্থন দিতে পারে। মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জাতীয় স্থায়ী কমিটি নেবে।’