রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ছবিতে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন কলেজের অধ্যক্ষ। চিঠিতে ওই মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই দিন অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
কলেজ কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া মন্তব্যকে গুরুতর ও আপত্তিকর হিসেবে বিবেচনা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।
ইতিহাস বিভাগের প্রধান ড. শাহনাজ পারভীন বলেন, ‘আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে, সেটিকে আমরা গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য একাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ যেহেতু ব্যবস্থা নিতে পারে না, তাই যেখান থেকে ব্যবস্থা নেওয়া যায়, সেখানেই চিঠি দেওয়ার কথা হয়। সে অনুযায়ী চিঠি গেছে। বিষয়টি সভার কার্যবিবরণীতেও লিপিবদ্ধ করা হয়েছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার বলেন, ‘একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনও শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।’
গত ২০ অক্টোবর রাজশাহী এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাতায়াতের সময় রুয়েটের বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও এতে সাড়া দেন। পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ওই বাসে বসে থাকার একটি ছবি পোস্ট দেওয়া হয়। পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক লিখেছেন, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি নজরে আসার পর গত ২২ অক্টোবর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকরকে আটক করা হয়। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।