নীলফামারীতে বিদেশে লোক পাঠানোর নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা মামলায় এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মানব পাচারকারীর নাম রাকিবুল ইসলাম (৪০)। বুধবার ভোরে কিশোরীগঞ্জ উপজেলার পূর্ব বাজেডুমরিয়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, রাকিবুল কাতারের দোহার সিটি আলকোর ফেন্সিলার থ্রি সি সি কোম্পানিতে চাকরি করতেন। তিনি দেশে ফিরে কাতারে লোক পাঠানোর নামে মানিকগঞ্জের জাহাঙ্গীর আলম, নড়াইল জেলা সদরের হরখালী গ্রামের সহিদুল ইসলাম, কুষ্টিয়ার গজনবী গ্রামের সাইদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন।
এ অবস্থায় ভুক্তভোগীরা নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পূর্ব বাজেডুমরিয়া ধাইজান পাড়া গ্রামে এসে রাকিবুল ইসলামের সঙ্গে দেখা করে টাকা ফেরত চাইলে তাদের গুম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
পরে ভুক্তভোগীদের মধ্যে মানিকগঞ্জের পানিশাইল গ্রামের তারা মিয়া জেলার কিশোরীগঞ্জ থানায় এ মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শেকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন, শাশুড়ি গ্রেফতার
/এআর/এমএনএইচ/








