ঈদ উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। রবিবার দুপুর ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এদিকে, টানা পাঁচদিন পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় ওই এলাকায় কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে স্বাভাবিক হতে আরও দুয়েকদিন সময় লাগতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন রাজ জানান, ঈদ উপলক্ষে গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। রবিবার দুপুর থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। ছুটি শেষে সবাই কর্মস্থলে যোগ দেওয়ায় আমদানি, রফতানিকৃত পণ্যের পরিক্ষণ, শুল্কায়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও সেসময় পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু ছিল।
/বিটি/টিএন/
আরও পড়ুন:
শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সরকারকে জানানোর নির্দেশ






