কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় আটক জঙ্গি শফিউল ইসলাম সোহানের বাবা জামায়াত নেতা হাই প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিনাজপুর জেলা পুলিশের বিশেষ টিমের সদস্যরা সাভার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাকে দিনাজপুরে নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন।
গ্রেফতারকৃত জঙ্গির বাবা ও জামায়াত নেতার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ দেবীপুর গ্রামে।
পুলিশ জানায়, পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি হাই প্রধান ওই এলাকার একজন জামায়াত নেতা। তিনি গত দশম জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে বিভিন্ন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের ঘটনার পর থেকেই তিনি পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন।
হাই প্রধানের ছেলে শফিউল ইসলাম দাখিল পাশ করার পর থেকেই নিখোঁজ ছিল। গত আড়াই বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় তাকে আটক করা হয়। তার আটক হওয়ার খবর জানার পরপরই বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছেন। শফিউল ইসলামের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এরইমধ্যে সোহানের চাচাতো ভাই এনামুল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
/জেবি/
আরও পড়তে পারেন : কয়রায় বেড়িবাঁধে ভাঙন : ৩ লাখ মানুষ আতঙ্কে








