বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলের বিলুপ্তি ও বাংলাদেশের মূল ভূখণ্ডে একীভূত হওয়ার একবছর পূর্তিতে উৎসব পালিত হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাটে প্রতীকী ৬৮টি মোমবাতি জ্বালিয়ে দিবসটি স্মরণ করা হয়।
বর্ষপূর্তি কর্মসূচির মধ্যে মোমবাতি ও মশাল প্রজ্বলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সোমবার সকালে দাশিয়ারছড়ার নীলকুমার নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে দাশিয়ারছড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আনন্দ উৎসব করে। সোমবার সকালে দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে দাশিয়ারছড়ায় হাডুডু খেলার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উঁরাও, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিলুপ্ত বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দাশিয়ারছড়ার স্থানীয় অধিবাসীরা।
/এআর/আপ-এমও/








