গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিনেমা হলে অভিযান চালিয়ে চার হাজার ৯০ পিস ইয়াবাসহ শহরের নাজমা সিনেমা হলের মালিক নওয়াব আলী, তার স্ত্রী ও পুত্রকে আটক করেছে র্যাব-১৩। সোমবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫৮ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
নওয়াব আলীর (৬৫) বাড়ি সাঘাটা গ্রামে। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম (৫৫) ও ছেলের নাম মনোয়ার হোসেন (৩৫)।
র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের (এ ডি) মো. কাওসার আলী জানান, নওয়াব আলী সিনেমা হলের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়া তার সিনেমা হলে মাদক সেবনের আস্তানায় নিয়মিত মাদকের আসর বসতো। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঘাটা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন:
মিরপুরে কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু
/বিটি/








