জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরিচালিত এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেম সার্ভারের সংস্কার কাজ চলার কারণে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে আমদানিকৃত পণ্যের পরিক্ষণ, শুল্কায়ন, আউটপাস ও ডেলিভারি কার্যক্রম একদিন বন্ধ ছিল। তবে রবিবার এই কার্যক্রম আবার শুরু হয়েছে। তবে মাঝের একদিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু ছিল।
বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, কোরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে। আর দেশের মোট চাহিদার বেশিরভাগ পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে আমদানি হয়ে থাকে। শনিবার বন্দর দিয়ে ভারত থেকে ২২০ ট্রাক পণ্য দেশে আমদানি হয়েছে যার মধ্যে পেঁয়াজের ট্রাক ছিল ১১৯টি। কিন্তু সার্ভারের সংস্কার কাজ চলার কারণে শনিবার বন্দরের ভেতর থেকে কোনও ধরনের পণ্য খালাস হয়নি। যার ফলে বন্দরের ভেতরে সব পণ্য আটকা পড়েছিল। এতে করে ব্যবসায়ীদের বন্দরের অতিরিক্ত মাশুল গুনতে হয়েছে। অপরদিকে অতিরিক্ত গরমের কারণে কাঁচা পণ্যসহ পেঁয়াজ পচে নষ্ট হয়ে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে থাকে। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারের এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সংস্কার কাজ চলার কারণে হিলি স্থলবন্দর শুল্কস্টেশনে আমদানি রফতানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি-সাবমিট, পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও বন্দর থেকে পন্য ছাড়করণ বন্ধ ছিল। তবে এসময় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য চালু ছিল। আজ রবিবার সকাল থেকে সার্ভারের সংযোগ স্থাপন হওয়ায় হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সব কার্যক্রম চালু হয়েছে।
আরও পড়ুন-
আসল পরিচয় মিললো মিরপুরে নিহত জঙ্গি মুরাদের
সোমবার জামায়াতের অর্ধদিবস হরতাল
/এফএস/








