দিনাজপুরের চিরিরবন্দরে গ্যাংকার ট্রেন (পাথরবাহী) ও ডিপ ট্রলি (লাইনবাহী) ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন আহত হয়। এর ফলে পাথরবাহী ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এই ঘটনার পর দিনাজপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে একটি লাইনবাহী ডিপ ট্রলি যাচ্ছিল। ট্রলিটি চিরিরবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করার দেড় কিলোমিটার দূরে আব্দুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে একটি পাথরবাহী ট্রেনের (গ্যাংকার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্যাংকার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় চালক জাহাঙ্গীর আলমের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আহত হয় গার্ড ফতে আলী। এছাড়া সংঘর্ষে আরও ৩ জন আহত হয়। ঘটনার পর থেকেই পার্বতীপুর-দিনাজপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোন দিনাজপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ জানান, ঘটনা জানা মাত্রই ট্রেনের ইঞ্জিন উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
তবে কখন উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে তা তিনি জানাতে পারেননি।
এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও কমেনি রাঙামাটির লোডশেডিং
/এআর/








