আবারও গাইবান্ধায় প্রতিমা ভাঙচুর ও হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মণের বাড়ির মা ভবানী দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন দেখতে পান প্রতিটি প্রতিমার মাথাগুলো ভাঙা এবং ওই মন্দিরের মেঝেতে হাতে লেখা একটি চিঠি।
এর আগে গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের একটি প্রতিমা ভাঙচুর করেছিল দুর্বৃত্তরা।
মা ভবানী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুরজিত চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক কমল চন্দ্র বলেন, আমাদের মন্দিরের মূর্তি কে বা কারা ভাঙচুর করেছে তা আমরা দেখিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, চিঠিতে সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের অনুরূপ লেখা আছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত. গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের একটি দূর্গার প্রতিমার ডান হাত ভেঙ্গে ফেলে মন্দিরে হাতে লেখা একটি চিঠি রেখে যায় দূর্বৃত্তরা।
ওই চিঠির প্রথমে ছিল আরবি হরফে লেখা। তারপর বাংলায় লেখা তোমরা মূর্তি পূজা অর্চনা কর না, মূর্তি পূজা অর্চনা করা শেরেক, মূর্তি পূজা করলে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না, আমাদের নির্দেশ মোতাবেক তোমাদের চলতে হবে। চিঠির শেষ অংশে ইংরেজিতে নিউ জেএমবি লেখা ছিল।
/এআর/








