গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ১১ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। বুধবার সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যার পর পুলিশ আসামিদের গ্রেফতারে সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। অভিযানকালে জামায়াত-শিবির ও চিহ্নিত কিছু অপরাধীর বাড়ি থেকে বেশকিছু জিহাদী বই ও বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
তিনি আরও জানান, সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-জঙ্গি ও একটি সন্ত্রাসী চক্র বিভিন্নভাবে সংগঠিত সক্রিয় হয়ে উঠেছে। তারা নাশকতার পরিকল্পনা করছে। এ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
/বিটি/







