দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে আধাবেলা হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাসী। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করে পুলিশ।
বীরগঞ্জ সার্কেল এএসপি সুজন সরকার জানান, এই ঘটনায় পুলিশের এক এএসআইসহ ৪ জন আহত হয়েছে। ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই কলেজ জাতীয়করণের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল কর্মসূচি পালন করে ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকাবাসী। দুপুরে আন্দোলনকারীরা কলেজ জাতীয়করণসহ এর আগের দিন আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খানসামা থানার সামনে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ২৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশের এক এএসআইসহ প্রায় ৫ জন আহত হয়। পরে জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১১ জনকে আটক করে।
এর আগে এই আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে ৫ জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন-রাকেশ গুহ, আব্দুল লতিফ রানা, সোলজার রহমান, রফিক রহমান ও আতাউর রহমান। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা সবাই খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সদস্য।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী ৩য় দফায় দেশের ৯টি ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। এতে খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের নাম তালিকায় উঠে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজটি জাতীয়করণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ করে এই কলেজটির নাম বাদ দিয়ে পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় এলাকাবাসী আন্দোলনে নামে। কাঙ্খিত দাবি পূরণ না হওয়ায় ১৫ ডিসেম্বর থেকে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। এর আগে তারা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি অনুযায়ী রবিবার আধাবেলা হরতাল ডাকে আন্দোলনকারীরা।
/এমডিপি/







