গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে (৪৮) মারধর মামলায় গ্রেফতার দুই সাঁওতালের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
রাষ্টপক্ষের আইনজীবী সহকারী প্রসিকিউটর (এপিপি) মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত দুজন হলেন, মিখাই (৪০) ও কৃষ্ণ (৩৯)। তাদের মধ্যে মিখাই গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে ও কৃষ্ণ মাদারপুর সাঁওতাল পল্লীর বান্নার ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মামলার ১২ আসামি স্ব-শরীরে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে ১০ আসামির জামিন মঞ্জুর করলেও মিখাই ও কৃষ্ণর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এপিপি মো. মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধর মামলায় কারাগারে থাকা দুই আসামির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তারা কারাগর থেকে মুক্ত হবেন। এ নিয়ে মামলার ১২ আসামির জামিন হলো।
প্রসঙ্গত, সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ডিং (পাইপ) বসানো ছিল। ১৪ জানুয়ারি কিছু বাঙ্গালী ও সাঁওতালরা বর্ডিংয়ের পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাঁধা দিলে তাকে বেধড়কভাবে মারধর করা হয়। এ ঘটনায় খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) মো. আলমগীর হোসেন বাদী হয়ে বাঙ্গালী ও সাঁওতালদের মধ্যে ১২ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে।
/এমডিপি/







