গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। মামলার প্রায় সাড়ে ৩ বছর পর সোমবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ এই রায় দেন।
যারা খালাস পেয়েছেন তারা হলেন- গাইবান্ধা জেলা জামায়াতের আমির ডা. আবদুর রহিম সরকার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম, শহর জাসাসের সভাপতি খান কাওসার সুজন ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল কবির রানা। এছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নামপরিচয় জানা যায়নি।
আসামিদের মধ্যে মামলা চলাকালীন সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম ডলার মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা জামায়াতের আমির ডা. আব্দুর রহিম ও তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আযম ডলারসহ ২৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে ৪ জন সাক্ষীকে উপস্থাপন করেন।
তিনি আরও জানান, সোমবার শুনানি শেষে আদালতের বিচারক ২২ আসামিকে খালাস দেন।
/এআর/







