রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বুধবার (৯ আগস্ট) দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পিবিআই রংপুর বিভাগীয় পুলিশ সুপার আব্দুল মজিদ।
আসামি নুর মোহাম্মদের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামে। তার বাবার নাম শাফিয়ার রহমান। তবে সে রংপুরে ভাড়া বাসায় থাকে।
সংবাদ সম্মেলনে রংপুর পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লা কাওছার হোসেন জানান, ভিকটিম কলেজছাত্রী রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করার সময় নুর মোহাম্মদ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে রংপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক। পরবর্তীতে মেয়েটির ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে নুর মোহাম্মদ। এভাবে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হলে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানালে ভিডিও ও ছবি ভিকটিমের পরিচিত রুমমেটদের ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এ পাঠায়।
এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী মঙ্গলবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করে। এরপর পিবিআই এর একটি দল অভিযান চালিয়ে নগরীর লালবাগ কলেজপাড়া এলাকা থেকে নুর মোহাম্মদকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ, তিনটি মেমোরি কার্ড এবং মেমোরি কার্ডে ধর্ষণের ভিডিও ও স্থির চিত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পিবিআই।
/বিএল/







