দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ছাত্রদল ও যুবদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা দলীয় কার্যালয়ের কাছ থেকে তাদের আটক করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে কিছু দলীয় নেতাকর্মী জমায়েতের চেষ্টা করলে পুলিশ তাদের মধ্য থেকে সাত নেতাকর্মীকে আটক করে। এদের মধ্যে ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-মামুন বাবু ও ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা উমর ফারুক রয়েছেন।
এদিকে নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে জেলা ছাত্রদল সভাপতি মো.আমিমুল ইহসান জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের সময় বিনা উস্কানিতে পুলিশ দলীয় নেতাকর্মীদের আটক করেছে। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের এ নেতা।








