কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রাম (কাজিয়ার মোড় ) এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত এবং ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রাম এলাকার আসাদুল হক আসাদের সঙ্গে তার চাচাতো ভাই খলিলুর রহমান সাধুর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার রাত সাড়ে দশটার দিকে সাধু ও তার লোকজন আসাদুল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের প্রথমে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত আসাদুল ও তার ছোট ভাই ইউসুফ রাজাসহ ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম সায়েম জানান, রংপুর মেডিক্যালে পাঠানো গুরুতর আহত ৫ জনের মধ্যে আসাদুল ও ইউসুফের অবস্থা আশঙ্কাজনক।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








