কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। রবিবার (১০ জুন) নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান,ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই ও ৩ জুলাই প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপনির্বাচন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮শ’ ১১জন। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।
গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা ও রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্কাছ আলীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। নিজ দলের প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ১০ জুন উলিপুর সফরও করেন এরশাদ। আসনটিতে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, আসন্ন উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না।








