কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়ায় প্রণয়সূত্রে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক নবদম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২০ জুন) দুপুরে শোয়ার ঘরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় থাকা তাদের দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের পুত্র মিলনের (২০) সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর কন্যা মনিষা বানুর (১৭) প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে তারা এক মাস আগে বিয়ে করেছিলেন। মঙ্গলবার স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে তাদের শোবার ঘরে চলে যায়। বুধবার (২০ জুন) দুপুর পর্যন্ত তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকে। সেখানে তাদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে ওই দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান নবদম্পতির আত্মহত্যার কারণ নিশ্চিত জানাতে পারেননি। সংশ্লিষ্টরা মনে করেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।






