জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেকোনও নাশকতা প্রতিরোধে রংপুর বিভাগের ৮ জেলায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ ছাড়াও এ অঞ্চলে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুরে অবস্থিত ডিআইজি কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দেবদাস ভট্টাচার্য বলেন, ‘ঈদ উপলক্ষে হাইওয়েগুলোতে চাঁদাবাজি ও কোরবানির পশু পরিবহনের গাড়ি যাতে সহজেই হাটে আসতে পারে সে জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হবে। কোরবানির পশুর চামড়া পাচার রোধে মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে।’
রংপুর রেঞ্জের ডিআইজি আরও বলেন, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় ৫ হাজার ১৯২টি যানবাহন এবং ১ হাজার ৬৯২ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৯ লাখ টাকারও বেশি।’
সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে তিনি বলেন, ‘গত রবিবার (১২ আগস্ট) রংপুর নগরীতে বাস চাপায় দশম শ্রেণির স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভের নামে সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় কারও নাম নেই। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দেবদাস ভট্টাচার্য বলেন, ‘সম্প্রতি রংপুরে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে জেএমবির শীর্ষ নেতা কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন মালামাল। এ অভিযান অব্যাহত থাকবে। শুধু জঙ্গিবিরোধী অভিযান নয়, জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রেস ব্রিফিংয়ের সময় রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার রেলওয়ে পিবিআই ও হাইওয়ে পুলিশের এসপি র্যািব ১৩ কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।







