আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন বাংলাদেশ ও ভারতের মাঝে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এদিকে সরকারী ছুটির দিন ব্যতিত হিলি স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কতৃপক্ষ।
জানা গেছে, ২০ আগস্ট (সোমবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। ২৬ আগস্ট ( রবিবার) থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল আযহা উপলক্ষে ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট শনিবার পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ। আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।








