‘বিনাধান-১৭’ নামের উচ্চ ফলনশীল ধান চাষের সম্প্রসারণ ও এর প্রচার-প্রচারণার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬ ইউনিয়নের এক হাজার ৫৫০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে রবি মৌসুমের জন্য বিভিন্ন বীজ ও সার।
বুধবার (২৪ অক্টোবর) দাসিয়ারছড়ার বানিয়াটারীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক আয়োজিত এ শস্য কর্তন ও মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এবং সভাপতি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান।
সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জিলুফা সুলতানা, ফুলবাড়ীর ইউএনও মোছা. মাছুমা আরেফীন, বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, কৃষাণী সাবরিনা পারভীন।







