রংপুরের বদরগঞ্জের উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামে তিন শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষনের শিকার তিন শিশুকে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) এই ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ওসি আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আসামি আলীম তিন শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজারামপুর নাওপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে আলীম উদ্দিন স্থানীয় এহিয়াগঞ্জ দাখিল মাদ্রসার পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে তিন দিন ধরে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। শিশু তিনটি গুরতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের মঙ্গলবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা তিনজনই সেখানে চিকিৎসাধীন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী আলীমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, তিন শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








