ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের (সংখ্যালঘুদের) নানা রকম সমস্যার কথা বিবেচনা করে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করা হবে।’ রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকার ঘরে-ঘরে চাকরির বদলে মামলা আর হামলা দিয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘তাই এই সরকার পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষে শুধু ভোট দিলেই চলবে না, ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। আওয়ামী লীগ হারতে চায় না, কিন্তু আপনারা ভোট দিলে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে ৩০ হাত পানির নিচে ডোবানো হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার বলেছিল কৃষকরা পণ্যের নায্যমূল্য পাবেন। বিনামূল্যে সার পাবেন। কিন্ত আমার কৃষকরা কিছুই পাননি। বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। যতদিন চাকরি হবে না, কর্মসংস্থান হবে না; ততদিন তাদের বেকারভাতা দেওয়া হবে।’
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পঞ্চগড়-২ আসনের বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, বিএনপি নেতা হাসমত আলী ও আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে, আমরা একনায়কের দেশে থাকবো, নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবো। এবারের নির্বাচন গণতন্ত্র থাকবে, কি থাকবে না, তার নির্বাচন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা আনতে চায়, এক ব্যক্তির শাসন আনতে চায়, তারা আমাদের গণতন্ত্রহীন করতে চায়; কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। কিন্তু, সারাদেশে ধানের শীষের যে গণজোয়ার শুরু হয়েছে, তাতে সুনামি হয়ে যাবে। বাঁধ ভেঙে গেলে তা আর আটকানো যায় না। এবার ধানের শীষের গণজোয়ারে নৌকা ভেসে যাবে। আওয়ামী লীগ চক্রান্ত করছে, কেমন করে ধানের শীষের গণজোয়ার আটকে দেওয়া যায়। তাই আপনারা সাবধান থাকবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেষ্টা করছি জনগণকে জাগিয়ে তুলতে। কারণ এই রাষ্ট্র তাদের, তাদের সব অন্যায়-অবিচার-অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠতে হবে। নিজেদের অধিকার আদায় করতে হবে। আমার বিশ্বাস, এই লড়াইয়ে আমরা জয়ী হবো।’
জনসভার মঞ্চটি বার বার ভেঙ্গে দেয়ায় ট্রাক্টরের ওপর মঞ্চ তৈরি করে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। পথসভায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।








