বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসমলাম আলমগীর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘এখন নির্বাচনের কোনও পরিবেশ নেই। কয়েকদিন ধরে দেখছি আমাদের শীর্ষ নেতাদের ওপর হামলা করছে আওয়ামী লীগ। সবচেয়ে দুঃখজনক বিষয়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা এসব কাজ করছে। তারা এমন পরিবেশ সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে না যেতে পারেন।’
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কিছুদিন আগেও এসেছিলাম তখন পর্যন্ত নির্বাচনের কিছুটা সুষ্ঠু পরিবেশ ছিল। কিন্তু বুধবার রাতে আসার পরে এখানে যা দেখলাম প্রকাশ্যে বড় বড় রামদা নিয়ে আওয়ামী লীগের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই আসনটি আমার হওয়ায় তারা এখানে এমনটা করছে বলে আমার মনে হয়। তবে যাই হোক না কেন আমরা ভোটের মাঠে আছি।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচন করবো। কারণ আমরা দেখিয়ে দিতে চাই যে এই দেশে সরকারের অধীনে কখনও সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
এসময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমান বন্দরের পথে রাওনা হোন।







