সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। পুরো বাংলাদেশ আছে আপনাদের সঙ্গে।’
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার শিঙ্গিয়া সাহাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট সংখ্যালঘু পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘পাকিস্তানের চেয়েও রফতানি বাণিজ্যে এগিয়ে বাংলাদেশ। পাকিস্তান রফতানি করে ১৮ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ রফতানি করে ৩৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ এগিয়েছে, আমরা অসম্ভবকে সম্ভব করেছি।’
র্যাব-১৩ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশের রংপুর ডিআইজি দেবদাস ভাট্টাচার্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, ৫০ বিজিবি অধিনায়ক লে কর্নেল তুহীন মোহাম্মদ মাসুদ, র্যাব দিনাজপুর ক্যাম্প অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স ও র্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর আরমিন রাব্বী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো প্রমুখ।







