পঞ্চগড়ের পাঁচ উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ১১টায় ভোট দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মন্ত্রী। আর সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক।
ভোট দিয়ে রেলমন্ত্রী বলেন, ‘বোদা উপজেলায় চেয়ারম্যন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছে। যেহেতু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না এবং প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে জনগণের মধ্যে এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আমিও একজন ভোটার। আমি নিজেও ঢাকা থেকে এই ভাইস চেয়ারম্যান পদে ভোট দিতে নিজ এলাকায় এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি একজন আইনজীবী। আমি নিজে আইনকে শ্রদ্ধা করি, আইন সবসময় মানি। আমি কোনোদিন আইন লঙ্ঘনের চেষ্টা করিনি। মানুষ যেন ভোট দিতে পারে, নির্বাচন কমিশনের আইন মেনেই আমরা নির্বাচন করার চেষ্টা করেছি। নির্বাচন নিয়ে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আগামী দিনেও এটি অব্যাহত থাকবে।’
ভোট দেওয়ার সময় স্থানীয় প্রশাসন,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোকাররম হোসেনসহ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








