দিনাজপুরে সরকারের অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সিএসডি এবং পুলহাট এলএসডিতে বোরো চাল কেনার মধ্য দিয়ে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সিএসডি’র ব্যবস্থাপক মাহমুদ হাসান, দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজা-উর রব চৌধুরী, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, দিনাজপুরে এবার ৮৫ হাজার ৪৭ মেট্রিক টন সিদ্ধ চাল, ৮ হাজার ৭৮৪ মেট্রিক টন আতপ চাল এবং ৫ হাজার ৪৮ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ইতোমধ্যে ২ হাজার ৪৭৯ জন মিল মালিকের সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বছরে সরকার প্রতিকেজি ধান ২৬ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা দরে ক্রয় করবে।








