দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়েছে। দুইদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৯-২৩ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকায়।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, জাতীয় শোক দিবসসহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯দিন হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শুধু হিলি নয়, একইভাবে দেশের অন্য বন্দরগুলো ৮-৯ দিন করে বন্ধ থাকবে। যার মানে এসময় দেশের বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আমদানিও বন্ধ থাকবে। এ কারণে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
তারা আরও জানান, ঈদের কারণে বন্দর দিয়ে ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও গতকাল বৃহস্পতিবার মাত্র ২৪ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। সব মিলিয়ে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। সেজন্য দামে প্রভাব পড়ছে।








