ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে র্যালির প্রস্তুতিকালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে দিনাজপুর শহরের লিলিমোড়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা। বাকি একজনের নাম পাওয়া যায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, দুপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করার চেষ্টা চলে। এসময় বাধা দিলে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পুলিশকে ধাওয়া করে। পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৪ জনকে আটক করা হয়।








