রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালটির সব চিকিৎসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । সেইসঙ্গে সব চিকিৎসক, নার্স ও কর্মচারীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার এ তথ্য জানান।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল হালিম লাভলুর করোনা পজিটিভ প্রতিবেদন আসার পর সেখানে কর্মরত আরও একজন নারী চিকিৎসক ডা. আফসানা আখতারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার পর তারও করোনা পজিটিভ আসে। এ নিয়ে রংপুরে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা পাঁচ।
এ ঘটনার পর জরুরি সভা করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর-আউটডোরসহ সব চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার জানিয়েছেন, হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক ও নার্সের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।







