পঞ্চগড় জেলার প্রথম করোনা পজিটিভ রোগী এখন করোনা মুক্ত। ঢাকা ফেরত ৪২ বছরের ওই নারীর দুই দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই জেলা স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করেছেন।
রবিবার (৩ মে) জেলা সিভিল সার্জন ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ এপ্রিলের নমুনা পরীক্ষায় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগছ গ্রামের ওই নারীর প্রথম করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর ১৮ এপ্রিল থেকে পঞ্চগড় জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন। ওই করোনা আক্রান্ত রোগী হোম কোয়ারেন্টিনে ছিলেন। হোম কোয়ারেন্টিন থাকা অবস্থায় দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে গত ৩০ মার্চের পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তৃতীয় দফার পরীক্ষায়ও করোনা নেগেটিভ আসায় তাকে সুস্থ ঘোষণা দেওয়া হয়।
তবে ওই নারীর সংস্পর্শে আসা পার্শ্ববর্তী শালবাহান ইউনিয়নের এক করোনা আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আর ভারত ফেরত শিক্ষার্থী বাংলাবান্ধা স্থলবন্দরের পাশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। পরে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়। এখন পর্যন্ত জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।







