দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার ভাণ্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সুইহারা গ্রামে এ ঘটনা ঘটে। ভাণ্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো—রাণীপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে মারওয়া সুলতানা (৭) এবং একই ইউপির কাজিপাড়া (পূর্বপাড়া) গ্রামের মিজানুর রহমান মিজুর মেয়ে মমিতা খাতুন (৮)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বোন ফুফা ও খালুর বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দু'জনই পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, 'ঘটনাটি চেয়ারম্যান আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। তারা লিখিত দিলে একটি ইউডি মামলা দায়ের করা হবে।'







