দিনাজপুরে বিরামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নাজরীন আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নাজরীন আক্তারকে আটক করে পুলিশ। আটক নাজরীন ওই এলাকার ইউনুস আলীর স্ত্রী।
বিরামপুর থানা সূত্রে জানা যায়, নাজরীন ও তার স্বামী ইউনুস আলী নিজ বাড়িতে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। শনিবার ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নাজরীনের বাড়িতে আসার খবর পায় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজরীনের বাড়ি থেকে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে। পুলিশ নাজরীনকে আটক করে। অভিযান টের পেয়ে নাজরীনের স্বামী ইউনুস আলী পালিয়ে যায়।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাজরীন এবং তার স্বামী ইউনুস আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।








