সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী বর্বরোচিত নিপিড়ন, নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ধর্ষণ ও নিপিড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সুবহান, শফিকুল ইলসাম বাবু, সাকিল, মাহমুদুল হাসান বিশাল, জাবেদ খান রুবেল, আবু সাইদ, রেজা, জিসান, আরাফাত ও মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের ক্রস ফায়ারের আওতায় আনতে হবে।
তারা দেশব্যাপী শুরু হওয়া ধর্ষণ নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। নতুবা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।








