সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ আহমেদ (৬০)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডোমার বাজারের অদুরে সাহাপাড়া মহল্লায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডোমারের একটি ক্লিনিকে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সময় ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ আহমেদ ডোমার বাজার থেকে নিজবাড়ি সাহাপাড়ায় ফিরছিলেন। পথে একদল মুখোশধারী সন্ত্রাসী সাহাপাড়া মন্দিরের অদূরে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ওয়াদুদকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়।
এ ঘটনায় ডোমার শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহিৃত করতে পারেনি বলে জানা গেছে।
এখন পর্যন্ত হামলার সঙ্গে কারা জড়িত বা কি উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
/এমপি/








