বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার দলবির শিংয়ের নিকট বিজিবির পক্ষ থেকে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। এ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ-এর পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসারসহ বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ৮ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদেরকে আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, দু’বাহিনী যেন সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দু’বাহিনীর মাঝে এই ধরনের রেওয়াজ চলে আসছে।’








