শীতের সকালে দেখা মিলেছে সূর্যের। আড়মোড়া ভেঙে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া ভোটগ্রহণে নারী ও পুরুষ ভোটার আসছে সমান তালে। তবে উপস্থিতি কিছুটা ধীর গতির। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের নীলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নীলারাম স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এমন চিত্র। প্রথমবারের মতো চলছে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ।
ভোট দিয়ে বের হয়ে পৌর এলাকার বকসি পাড়া গ্রামের বিউটি বেগম বলেন, ‘পারছি, কোনও সমস্যা হয়নি।’
ব্যালট ভালো না এইটা (ইভিএম)– প্রশ্ন করলে প্রথমবারের মতো ইভিএমএ ভোট দেওয়া বিউটি অনেকটা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এলা তো দেখি এটায় ভালো, সহজ!’
একই কথা জানালেন আরেক ভোটার আলতাফ হোসেন। তিনি বলেন, ‘ব্যালটের চেয়ে এটাই বেশি সহজ।’
একই কেন্দ্রে ভোট দিয়েছেন নুর ইসলাম। বলেন, ‘ব্যালটের চেয়ে অনেক গুণে ভালো পদ্ধতি, দ্রুত ভোট দেওয়া যায়।’
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ ৫ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম পৌরসভায় মোট ৫৬ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। মোট ২৪টি কেন্দ্রে এবারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।







