শুকনো মৌসুমে জরুরি ভিত্তিতে ধরলা নদীর ভাঙন রোধে তীর রক্ষার দাবি তুলেছে নদীপাড়ের শত শত গ্রামবাসী। এই তীর রক্ষার কাজ শুরু করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন তারা।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় ধরলার বামতীরে অনুষ্ঠিত ওই মানববন্ধনে স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষসহ শিক্ষার্থীরা অংশ নেয়।
আগামী বর্ষা মৌসুম আসার আগেই ধরলার বামতীরে সদরের মোগলবাসা ইউনিয়নের ফজলের মোড় থেকে চরসিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত জিওব্যাগ ফেলে ভাঙন রোধের মাধ্যমে ৩টি ওয়ার্ডের ঘর-বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা রক্ষার দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চর সিতাইঝাড় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য কেরামত আলী, পল্লী চিকিৎসক আমির হোসেন, স্থানীয় বাসিন্দা দারোগ আলী, ইউনুছ আলী, শাওনসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, সদরের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়সহ পার্শ্ববর্তী এলাকায় ধরলার বামতীরে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে গত ৬ বছর ধরে তীর রক্ষায় কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে করে প্রতি বছর বন্যা মৌসুমে এসব এলাকায় শতশত ঘর-বাড়ি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কোনও কাজ হয়নি। এবার শুকনো মৌসুমেই ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম ও বিভিন্ন স্থাপনা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই জরুরি ভিত্তিতে তীররক্ষার কাজ করে ধরলার ভাঙন রোধের দাবি জানান বক্তারা।








