লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্র ও শনিবার তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারবাড়ী এলাকার মিলন হোসেন (২৭) ও একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার আব্দুস সালাম (৩৪)।
বিজিবি ও আটককৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকার কারণে সন্দেহভাজন হিসেবে মিলন হোসেনকে শুক্রবার মধ্যরাতে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল আটক করে। আর শনিবার ভোররাতে ৮৪৩-৪৪ নং সীমান্ত মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু আনতে গেলে আব্দুস সালামকে আটক করে বিএসএফ।
উপজেলার ১ নম্বর শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সফিয়ার রহমান লালু ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত দুই জনের পরিবারের সদস্যদের লিখিতভাবে বিজিবিকে জানাতে বলেছেন তিনি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী সত্যতা স্বীকার করে বলেন, মিলন হোসেনের পাসপোর্ট থাকায় তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এছাড়া আব্দুস সালামের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।
/এআর/এসটি/







