দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন সরকার (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন সরকার বগুড়া জেলার সোনাতলা উপজেলার নাগলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কাজ করতেন।
ঘোড়াঘাট থানার (ওসি) আবু হাসান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুর ১২টায় মোটরসাইকেল নিয়ে সুজন রানীগঞ্জে যাচ্ছিলেন। নিতাইশা মোড়ে কারিগরি কলেজ অতিক্রমকালে একটি ট্রাক তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন সুজন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’









