দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে চামড়া ও গরু পাচার ঠেকাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৮ জুলাই) সকালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চামড়া আমাদের দেশের সম্পদ। এটি যাতে কোনোভাবেই অবৈধপথে ভারতে পাচার না হতে পারে সেজন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ব্যাটালিয়ন অধীন ১০২টি পোস্ট ও ক্যাম্প রয়েছে। সেগুলোতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে ভারত থেকে গরু পাচার ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’









