শখের বশে বাবার কাছ থেকে আবদার করে তিন দিন আগে মোটরসাইকেল কিনেছিলেন আসিফ (১৭)। শনিবার দুপুরে সেই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। গন্তব্যে যাওয়ার আগেই শখের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। আসিফ শহরের নিমনগর বালুবাড়ী এলাকার কিবরিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে মোটরসাইকেলটি (পালসার এনএক্স) কেনেন আসিফ। শনিবার দুপুরে মানা করলেও বাড়ি থেকে বের হয়ে সদর উপজেলার কাউগাঁও মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থাকা স্পিড ব্রেকারে (গতি নিয়ন্ত্রক) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







