বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেসনের আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ড. বিজয় কুমার সিং যৌথভাবে এই ইমিগ্রেসন কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত থাকবেন।
ইতোমধ্যে ইমিগ্রেসন কার্যক্রম উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেসন কার্যক্রম উদ্বোধনের খবরে পঞ্চগড়ের সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে মানুষ পারাপার (ইমিগ্রেশন) চালুর দাবি এ জেলার মানুষের দীর্ঘ দিনের। দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি পূরণ হওয়ার সংবাদে পঞ্চগড়ে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন, এই স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। পঞ্চগড়সহ দেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে, বাড়বে কর্মসংস্থান। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। সর্বপরি মানুষের দুর্ভোগ কমবে। সময় ও অর্থ দুটোরই সাশ্রয় হবে। শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণে বাংলাবান্ধা স্থলবন্দর অতুলনীয়।
/এসএম/








