জাতীয় আইন সহায়তা দিবস

কুড়িগ্রামে এক বছরে বিনামূল্যে পাঁচ শতাধিক অভিযোগ নিষ্পত্তি

আরিফুল ইসলাম রিগান,কুড়িগ্রাম
২৮ এপ্রিল ২০২৩, ১০:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১২:৩৩

বিয়ের কিছু দিনের মাথায় দাম্পত্য কলহে বাবার বাড়িতে চলে যান রুমা আক্তার (ছদ্মনাম)। সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন। অভিমান আর ক্ষোভ নিয়ে স্বামীও স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। রুমা প্রতীক্ষায় থাকেন, হয়তো স্বামী নিতে আসবেন। কিন্তু দিন গড়িয়ে মাস যায়, স্ত্রীকে নিতে যান না স্বামী রকিব (ছদ্মনাম)।

রুমা ও তার বাবা-মা স্থানীয়দের মাধ্যমে মেয়ে-জামাইয়ের কলহ মীমাংসার উদ্যোগ নেন। কিন্তু  তাতে সাড়া দেন না রকিব। এর মধ্যে রুমা মেয়েসন্তানের মা হন। এবার রুমা ও তার পরিবারের লোকজন আশায় বুক বাঁধেন, অন্তত সন্তানকে দেখতে আসবেন রকিব। কিন্তু না। শেষে রুমার পরিবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনও প্রতিকার পায়নি। স্ত্রী কিংবা সন্তান কারও খোঁজ নেন না রকিব। রুমার সন্তান ধীরে ধীরে হাঁটতে শেখে, খেলতে শেখে। কিন্তু বাবার দেখা পায় না। বাবা আছে, তাও জানে না। এভাবে কেটে যায় চার বছর। 

সংসার করার ইচ্ছে থাকলেও প্রতীক্ষার অবসান হয় না রুমার। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। সবশেষে রুমার পরিবার জেলা লিগ্যাল এইড অফিসে যায়। লিগ্যাল এইড অফিস থেকে রকিবকে নোটিশ পাঠিয়ে কার্যালয়ে হাজির হতে বলা হয়। জেলা লিগ্যাল এইড অফিসার উভয় পক্ষকে নিয়ে বসে অভিযোগ শোনেন। মীমাংসার প্রস্তাব দেন। রকিবকে স্ত্রী-সন্তানের গুরুত্ব বোঝানো হয়। আইনগত ঝামেলার বিষয়ও বলা হয়। এরপর স্ত্রী-সন্তানকে বাড়িতে নিতে রাজি হন রকিব। লিগ্যাল এইড অফিসারের উদ্যোগে রকিব-রুমার চার বছরের দাম্পত্য কলহের অবসান হয়।

ঘটনাটি ২০২২ সালের। কুড়িগ্রাম সদরের পৌর এলাকায় এই দম্পতির বসবাস। বর্তমানে রকিব-রুমা দম্পতি মেয়েকে নিয়ে সুখে সংসার চালিয়ে যাচ্ছেন।

রুমা বলেন, ‘বর্তমানে আমার স্বামীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। আগের মতো নেই। আমার ও মেয়ের ভরণপোষণ ঠিকমতো দিচ্ছেন। আমরা এখন ভালো আছি, সুখে আছি। লিগ্যাল এইডের মাধ্যমে আমাদের চার বছরের কষ্টের অবসান হয়েছে।’

শুধু রকিব-রুমা দম্পতি নন, এমন শত শত পরিবারের কলহ, নির্যাতন, প্রতারণা, পাওনা টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি ও আইনি সহায়তা দিয়ে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। এসব সেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। এতে মামলার দীর্ঘসূত্রতা ও অর্থ খরচ থেকে রেহাই পাচ্ছে শত শত পরিবার। মিলছে হয়রানি থেকে মুক্তি।

 

গত এক বছরে কুড়িগ্রাম লিগ্যাল এইড অফিসের সেবা
জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২২ সালে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা অফিসে ৫৩৮টি আবেদন জমা পড়ে। আগের আরও ১৭৫টি আবেদনসহ মোট ৭১৩টির মধ্যে ৫১৮টি নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া আদালত থেকে পাঠানো ৭৫টি মামলার মধ্যে ১৯টি নিষ্পত্তি করা হয়।

লিগ্যাল এইড অফিস আরও জানায়, দেনমোহর, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও সরকারি স্ট্যাম্পের মাধ্যমে লেনদেন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২০২২ সালে লিগ্যাল এইড অফিস ৩৬ লাখ ৬৬ হাজার ৫১০ টাকা আদায় করে অভিযোগকারীদের হাতে হস্তান্তর করেছে। এ ছাড়া একই বছর ১৯৩ জনকে আইনি সহায়তা হিসেবে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ পেয়েছেন ২৯৮ জন।

অভিযোগকারীদের মধ্যে বেশিরভাগই নারী। আর এসব অভিযোগের বেশিরভাগ দাম্পত্য কলহ সংক্রান্ত বলে জানিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস।

এদিকে, শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি কুড়িগ্রাম। দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে থাকছে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা।

সাধারণ মানুষের মাঝে লিগ্যাল এইডের সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রচার কার্যক্রম হিসেবে ইউনিয়ন পর্যায়ে প্রাতিষ্ঠানিক গণশুনানি, ওয়ার্কশপ, উঠান বৈঠক এবং ক্লাইন্ড ও আইনজীবীদের সঙ্গে সমন্বয় সভা করে থাকে প্রতিষ্ঠানটি।

এসব তথ্য জানিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শারমিন আক্তার বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিবাদমান দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিকে প্রাধান্য দিই। এতে সফলতার হারও বেশি। মীমাংসা সম্ভব না হলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি অগ্রগামী করি। লিগ্যাল এইড অফিস সম্পূর্ণ বিনামূল্যে এসব সেবা দিয়ে থাকে। পাশাপাশি সরকারি খরচে আইনি সহায়তাও দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের