রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩ পদে জয় পেয়েছে তারা। এর মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুই জন এবং স্বতন্ত্র প্যানেল থেকে দুই জন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা আবদুর রউফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফল জানানো হয়েছে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. জগলুল হক।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ২৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্যানেলের আব্দুল কাইউম মন্ডল পেয়েছেন ৯০ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ১৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হক প্রামাণিক, তার নিকটতম প্রতিদ্বন্দী আফতাফ উদ্দিন পেয়েছেন ১৭৬ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে গত নির্বাচনেও জয়ী হয়েছিলেন আব্দুল মালেক এবং আব্দুল হক।
আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি জহিরুল আনম, সহসভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া ও রফিকুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ মো. নয়নুর রহমান টফি, দফতর সম্পাদক ফজলুল হক ফাহিম, বার সম্পাদক মোস্তফা জামান দোলন, লাইব্রেরি বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান হিরু, সদস্য পদে রাশেদুল ইসলাম রাসেল এবং শীতাংসু কুমার মন্ডল সোহাগ।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বার সম্পাদক লতিফুর রহমান ডাবলু, সদস্য পদে ফাতেমা আখতার কনা। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম রবি ও সদস্য পদে শহিদুল ইসলাম স্বপন।
এর আগে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩৭৬ জন। নির্বাচনে ১৭টি পদে দুটি প্যানেলে ৩৩ জন এবং স্বতন্ত্র পাঁচ জনসহ ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে আব্দুল মালেক বলেন, ‘জয়ের জন্য জেলার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের বিজয়। এই বিজয়ের মাধ্যমে বিএনপি-জামায়াত জোটের ভরাডুবি হয়েছে।’









