জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃতিতে রংপুরের সুমাইতা সুয়াদী ও অভিনয়ে জান্নাতুল মাওয়া দেশসেরা নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩-এ ক গ্রুপের চূড়ান্ত পর্বের ফলে তারা নিজ নিজ ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে।
আগামী ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তাদের পুরস্কার নেওয়ার কথা রয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় সারা দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করা প্রতিযোগীরা। রংপুর জেলা থেকে আবৃতিতে সুমাইতা সুয়াদী ও অভিনয়ে জান্নাতুল মাওয়া ক গ্রুপে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে দেশসেরা নির্বাচিত হয়।
সুমাইতা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে আবৃতি প্রশিক্ষক রেজিনা সাফরিনের কাছে তিন বছর বয়স থেকে আবৃতি শিখছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার প্রথম স্থান অধিকার করে।
অন্যদিকে জান্নাতুল মাওয়া রংপুরের দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার মা মনিরা আকতার পেশায় শিক্ষক। ২০২১ সালের অক্টোবরে শিশু একাডেমিতে প্রথম অভিনয় শুরু তার। ২০২২ সালে টফি স্টার সার্চ প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশে অভিনয়ে প্রথম স্থান অধিকার করে। এরপর থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাচ্ছে। ইতোমধ্যে রংপুরের শ্যামাসুন্দরী খাল দূষণ ও পরিবেশ দিবসে পলিথিন ব্যবহার নিয়ে তার অভিনীত ভিডিও ব্যাপক সাড়া পেয়েছে।
জান্নাতুল মাওয়ার অভিনয়ের হাতেখড়ি তার মায়ের কাছ থেকে। রংপুর জেলা শিশু একাডেমির প্রশিক্ষক মাশহারুল হাসান শ্রাবনের কাছে অভিনয় শিক্ষা গ্রহণ করে। বর্তমানে সে রংপুর শিশু একাডেমির অভিনয় বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এ সুমাইতা আবৃতিতে ও অভিনয়ে জান্নাতুল মাওয়ার দেশসেরা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। তাদের এই অর্জন রংপুরের অন্যান্য শিশুদের উৎসাহিত করবে ও অনুপ্রেরণা জোগাবে।








